ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে সকালেও শাহবাগে ছাত্র–জনতার ঢল
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছে ছাত্র–জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে আসছেন। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগে গিয়ে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হচ্ছেন। 'ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না', 'হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না'—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর।
১৮ ডিসেম্বর) রাত পৌনে১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে ছাত্র–জনতা সড়কে নেমে প্রতিবাদ জানায়।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে থমথমে ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা ঘিরে জনমনে উদ্বেগের পাশাপাশি ক্ষোভও বাড়ছে।
Comments