গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ব্যাহত করে এমন কাজ সমর্থন করে না বিএনপি
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হয়, যার ফলে নুর গুরুতর আহত হন।
Comments