অধ্যাপক আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই সাইফুল্লাহ সিদ্দিক ফেসবুক পোস্টে লিখেছেন,
' আমাদের সবার বড় ভাই ডা. আ আ ম শা আরেফিন সিদ্দিক গত বৃহস্পতিবার ৬ই মার্চ দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা ক্লাবে ইফতার কেনার মূহুর্তে হঠাৎ পড়ে অজ্ঞান হয়ে যান এবং মাটিতে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে কোমায় চলে যান। তাৎক্ষণিক অপারেশন করা গেলে হয়ত কোন ফলাফল পাওয়া যেত, কিন্তু উনার রক্তে প্লাটিলেট মাত্র ৪৮ হাজার থাকাতে ডাক্তারেরা রিস্ক নেয় নাই। রক্ত যোগার করে প্লাটিলেট তৈরি করে ভাইজানের শরীরে দিতে প্রায় পাঁচ ঘন্টা লেগে যায় সেই সময়ে তাঁর রক্তক্ষরণ জনিত কারণে ব্রেইন ড্যামেজ হয়ে যায়।
এখন আল্লাহ তায়ালা যদি হায়াত রাখেন তবেই হয়ত ফিরে আসতে পারেন নতুবা নয়। সবাই দোয়া করবেন ভাইজানের জন্য, তাঁর জন্য যে ফয়সালা ভালো সেটাই যেন আল্লাহ মঞ্জুর করেন। আমিন।'
জানা যায়, তার হার্টের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমেছে। হার্ট সচল রাখতে ডাক্তাররা তাকে নতুন ওষুধ দিয়েছেন।
২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ফিরে যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০২০ সালে অবসরে যান সাংবাদিকতার এ শিক্ষক।
Comments