দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯৬৩ শিশু
দেশে সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯৬৩ শিশু। ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে মৃত্যুর এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন ছিল মোটরসাইকেলের চালক ও আরোহী। এ ছাড়া ২ হাজার ৮১২ শিশু পথচারী এবং ২ হাজার ১৯৩ শিশু বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে প্রাণ হারিয়েছে। পথচারী শিশুদের মধ্যে থ্রি-হুইলারের ধাক্কায় মারা গেছে ১ হাজার ২৭১ জন। আর বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের ধাক্কায় প্রাণ গেছে আরও ১ হাজার ১২৬ শিশুর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিশু মারা গেছে গ্রামীণ সড়কে, প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭১৩ জন শিশু। সময়ের হিসাবে সবচেয়ে বেশি শিশু মারা গেছে বিকেলে, যেখানে ২ হাজার ৬৩৪ জন শিশু প্রাণ হারিয়েছে। এদিকে বয়সের হিসাবে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন শিশু বিকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এ ছাড়া স্কুলে যাওয়া-আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৫১৩ জন শিশু।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, অনিরাপদ সড়ক, সচেতনতার অভাব এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে শিশুদের মৃত্যুঝুঁকি বাড়ছে। শিশুদের নিরাপত্তায় নিরাপদ পরিবহনব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি। সড়কে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সবার দায়িত্ব। নিরাপদ সড়ক গড়তে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
Comments