চিঠি পেলে এমপি গাজী নজরুলের বিষয়ে আইনগত ব্যবস্থা: ইসি সচিব
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে এখন পর্যন্ত সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে কোনো চিঠি আসেনি বলে জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই কথা জানান।
সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার স্পিকারকে অবহিত করার পর মরিয়মের বাবার দায়ের করা মামলায় পুলিশ তাঁকে এই গ্রেপ্তার দেখায়। এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইসি সচিব আখতার হোসেন বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আমাদের কাছে এসে পৌঁছায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে একটি চিঠি দিয়েছিল। তবে আইনি বিধান অনুযায়ী সংসদ থেকে দাপ্তরিক চিঠি না আসলে ইসির পক্ষে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।
এর আগে মরিয়মের সঙ্গে সংসদ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্প্রতি জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল দলটি।
Comments