১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোনার মদন উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের দায়ে কওমি মাদ্রাসার এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ওই ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যাসন্তানের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ ব্যয় বহনের জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডিত শিক্ষকের বড় ভাই ও অপর আসামি মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুর মদনের পাথার বড়বাড়ি গ্রামের হজরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি পাশের একটি জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা-বাবার বিবাহবিচ্ছেদের পর তার মা জীবিকার তাগিদে সিলেটে থাকতেন। ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দেওয়ার কথা বলে একটি কক্ষে ডেকে নেন এবং দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে পরবর্তীতেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ২০২৬ সালের ১৮ এপ্রিল শিশুটির মা বাড়িতে এসে মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে শনাক্ত হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুর মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত চলাকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরি থেকে ডিএনএ প্রোফাইলিং করানো হয়। আদালতের নির্দেশে আসামি, ভিকটিম ও নবজাতকের নমুনা পরীক্ষার মাধ্যমে ওই নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষক আমানুল্লাহকে নিশ্চিত করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে নিজের দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করে আসামি একটি অসহায় শিশুর ওপর পৈশাচিক অপরাধ ঘটিয়েছেন। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ওপর এ ধরনের যৌন নিপীড়নের ঘটনা সমাজকে গভীরভাবে ব্যথিত ও শঙ্কিত করছে। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভিসহ কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং হাইকোর্টের নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের ওপর জোর দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী আদালত নির্দেশ দেন যে, জন্ম নেওয়া কন্যাসন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে বড় হবে এবং রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা-মাতার পরিচয়ে পরিচিত হবে। শিশুটির বয়স ১৮ বছর বা বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ ও শিক্ষার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। পরবর্তীতে সরকার উক্ত অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে বা বকেয়া ভূমি রাজস্বের আদায়ের মতো প্রক্রিয়া অনুসরণ করে আদায় করতে পারবে।
Comments