খিলক্ষেতে নদী ভরাট: প্রাণ-আরএফএলের দুই ম্যানেজারের ৩ বছর কারাদণ্ড
রাজধানীর খিলক্ষেত এলাকায় নদী ভরাটের অভিযোগে দায়ের করা মামলায় প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বালু পরিবহনে ব্যবহৃত প্রতিষ্ঠানের মালিক মুক্তার হোসেন ও নাজমুল আলম নাহিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক মাস করে কারাভোগ করতে হবে।
অন্যদিকে মুক্তার হোসেন ও নাজমুল আলম নাহিদকে এক বছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও ১৫ দিন করে কারাগারে থাকতে হবে।
রায় ঘোষণার সময় চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, নদী ভরাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাণ-আরএফএল গ্রুপের দুই ম্যানেজারকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নদী ভরাটের কাজে সরঞ্জাম সরবরাহ ও বালু পরিবহনের সঙ্গে যুক্ত অপর দুই আসামিকে এক বছরের সাজা দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পুলিশের কর্মকর্তারা খিলক্ষেত থানার পাতিরা মৌজায় বালু নদী পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় সেখানে প্রায় সাড়ে ১২ হাজার বর্গফুট নদীর তীরভূমি ও নদীগর্ভ বালু দিয়ে ভরাট করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। অভিযোগ ওঠে, ওই ভরাটের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে।
পরে ওই ঘটনায় টঙ্গী নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে ২৪ অক্টোবর খিলক্ষেত থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২৩ সালের ১৬ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের নির্ধারিত আট সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরবর্তীতে আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
Comments