মিরপুরে বৃদ্ধার মরদেহ: মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে রিট
রাজধানী ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ওই বৃদ্ধার মৃত্যুর পেছনে কোনো অবহেলা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
গত রোববার (৩১ মে) মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নূরজাহান বেগম তাঁর মেয়ের বাসায় থাকতেন, তবে তিনি একটি আলাদা কক্ষে অবস্থান করতেন। বেশ কয়েকদিন ধরে মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে মেয়ে একজন নার্সকে ডেকে আনেন। ওই নার্স ঘরে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ ও তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ঘরে পড়ে থাকায় মরদেহটিতে পচন ধরে গিয়েছিল এবং পুরো কক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
যে ঘরটিতে ওই বৃদ্ধা থাকতেন, সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো এবং আবর্জনায় ভরা। ঘরের ভেতরের করুণ দশা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে চরম অবহেলা, পুষ্টি ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে ভুগছিলেন।
একই বাসায় মেয়ে থাকা সত্ত্বেও কীভাবে একজন বৃদ্ধা মা এমন অমানবিক ও পরিত্যক্ত অবস্থায় মারা গেলেন, তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বৃদ্ধার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতেই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন আইনজীবীরা।
Comments