আমাদের ভালোবাসার সবকিছুই ঝুঁকির মুখে- গ্রেটা থুনবার্গ
জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশের জন্যই নয়, বরং মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর মতে, মানুষের ভালোবাসার সবকিছুই আজ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় চলমান 'কপ-৩১' (COP31) জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে গতকাল মঙ্গলবার আলজাজিরার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই সংকট মোকাবিলায় ব্যবসায়িক মুনাফা ও রাজনৈতিক ক্ষমতার চেয়ে মানুষ ও পৃথিবীর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জোরালো আহ্বান জানান এই তরুণ জলবায়ুকর্মী।
জাতিসংঘের জলবায়ু আলোচনার কড়া সমালোচনা করে গ্রেটা থুনবার্গ বলেন, এই আলোচনাগুলো এখন এক ধরণের 'ভণ্ডামিতে' রূপ নিয়েছে। প্রতিবছর সম্মেলন আয়োজক দেশগুলো এর মাধ্যমে নিজেদের পরিবেশগত দায় আড়াল করার সুযোগ পায়। অন্যদিকে, পরিবেশ ধ্বংস করে মুনাফা অর্জনকারী শিল্পপ্রতিষ্ঠানের লবিস্টরা এসব সম্মেলনে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে।
তিনি আরও বলেন, 'জলবায়ু পরিবর্তন আজ সবকিছুর জন্য হুমকি। আমাদের ভালোবাসার সবকিছু এবং সবাই আজ হুমকির মুখে। অল্প কিছু মানুষের বিপুল মুনাফা ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিশ্বের অধিকাংশ মানুষ ও এই পৃথিবীকে বলি দেওয়া হচ্ছে। এর পরিবর্তে আমাদের উচিত মানুষের নিরাপত্তা ও কল্যাণকে সবার আগে স্থান দেওয়া।' বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রকৃতির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও ভয়াবহ বন্যার মতো প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের জলবায়ু সম্মেলন। একই সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে নতুন করে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। কপ-৩১ এর সহ-আয়োজক দেশ হিসেবে তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিলেও, তাদের বিদ্যুৎ উৎপাদন এখনও মূলত জীবাশ্ম জ্বালানি—বিশেষ করে কয়লার ওপর নির্ভরশীল।
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জলবায়ুর বিরুদ্ধে একা প্রতিবাদ শুরু করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন গ্রেটা। এর আগে ২০২১ সালে গ্লাসগো সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে 'বাজে কথা' বলে তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আন্তালিয়া সম্মেলনের মাধ্যমে আবারও কোনো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিলেন এই কর্মী।
গ্রেটার উপস্থিতি কপ-৩১ এ অংশগ্রহণকারী তরুণ জলবায়ুকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা যুগিয়েছে। 'অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস'-এর ফেলো অ্যাম্বার টার্নার আশা প্রকাশ করে বলেন, গ্রেটার উপস্থিতি তাদের জলবায়ু আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেবে। সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিয়ুন উ-এর মতে, গ্রেটার উপস্থিতি এমন একটি তরুণ প্রজন্মের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে, যাদের ভবিষ্যতের ওপরই এসব আলোচনার সিদ্ধান্তের মূল প্রভাব পড়বে।
উল্লেখ্য, ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় চলবে এই কপ-৩১ সম্মেলন। এছাড়া আগামী বছরের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় 'কপ-৩২' সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments