এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিবেন বিল ও হিলারি ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেনকে ঘিরে প্রতিনিধি পরিষদের একটি তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সোমবার এ সিদ্ধান্ত সামনে আসে, ঠিক সেই সময় যখন তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার বিষয়ে হাউসে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিনের টানাপড়েনের পর ক্লিনটন দম্পতি ও হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমারের মধ্যে সমঝোতা হয়। কোমার স্পষ্ট করে জানান, কমিটির সামনে শপথের অধীনে জবানবন্দি দেওয়ার বিষয়টিতে তিনি অনড় ছিলেন এবং সেই শর্তেই তারা হাজির হবেন।এ বিষয়ে ক্লিনটনদের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে কোমারের সমালোচনা করে বলেন, ক্লিনটন দম্পতি সদিচ্ছার সঙ্গে আলোচনা করলেও কোমার তাতে সহযোগিতা করেননি। তার দাবি, তারা শপথের অধীনে নিজেদের জানা তথ্য দিতে রাজি ছিলেন, কিন্তু কমিটি সেই দিকটিতে যথেষ্ট আগ্রহ দেখায়নি। তবুও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত প্রক্রিয়ায় অংশ নেবেন বলে তিনি জানান।
এ সপ্তাহেই হাউসে তাদের বিরুদ্ধে ফৌজদারি কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট হতে পারত। অভিযোগ পাস হলে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা বা এমনকি কারাদণ্ডের ঝুঁকিও তৈরি হতে পারত।গত কয়েক মাস ধরে ক্লিনটন দম্পতি রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্যানেলের সামনে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তাদের বক্তব্য ছিল, তদন্ত-সংক্রান্ত এসব দাবি আইনগতভাবে বৈধ নয় এবং তা প্রয়োগযোগ্যও নয়। পাশাপাশি তারা অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে প্রতিশোধমূলক রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবেই কোমার তাদের টার্গেট করেছেন।
Comments