রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার
ঢাকার ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে (সাহেদ করিম) গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সাহেদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলায় আগেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইসিবি চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
করোনা মহামারির সময় ২০২০ সালে রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান ও চিকিৎসার নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সাহেদ করিমের বিরুদ্ধে। ২০২০ সালের ৭ জুলাই উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা রিপোর্ট জব্দ করে র্যাব। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আত্মগোপনে থাকা সাহেদকে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা হয় এবং পৃথক অস্ত্র মামলা দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর নিম্ন আদালত অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট তাকে খালাস দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই খালাসের রায় স্থগিত করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।
সাহেদ করিমের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে অন্তত ৩৫টি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে রয়েছে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র এবং মানিলন্ডারিংয়ের গুরুতর অভিযোগ।
তদন্ত সংস্থা সিআইডির তথ্য অনুযায়ী, নানামুখী জালিয়াতির মাধ্যমে সাহেদ ১১ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিয়ে একাই ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আজকের গ্রেপ্তারের আগে তিনি অন্যান্য মামলায় জামিনে ছিলেন।
Comments