আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। সকাল ৯টা ২৩ মিনিটে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৩২।
একিউআই রিপোর্ট অনুযায়ী, আজ শহরের বাতাসকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।
এই তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি ও কলকাতা; যাদের একিউআই স্কোর ছিল যথাক্রমে ২৬৬, ২৩৩ এবং ১৮৯।
একিউআই স্কেল অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকা মানকে 'মধ্যম' হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বায়ুর মান সাধারণত গ্রহণযোগ্য থাকে। তবে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম সীমিত করা উচিত। ১০১-১৫০ মাত্রা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১-২০০ 'অস্বাস্থ্যকর', ২০১-৩০০ 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর ওপরের স্কোরকে ' ঝুঁকিপূর্ণ ' বলে গণ্য করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
দৈনিক বায়ুমানের প্রতিবেদন একিউআই-এর মাধ্যমে বাসিন্দারা জানতে পারেন বাতাস কতটা পরিষ্কার বা দূষিত এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিগুলো কী কী।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক উপাদানের ভিত্তিতে— পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওজোন।
Comments