গাজীপুরে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে একজনের ২ বছর কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কুড়িগ্রামের ভোটার। কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় চাকরি করেন তিনি।
উপজেলা প্রশাসন ও নির্বাচনকালীন আদালত সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন শামিমুল ইসলাম। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যক্তি তাঁর দোষ স্বীকার করায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।
Comments