ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি সরানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: আইআরজিসি
মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে অবস্থান নিশ্চিত করতে আফ্রিকার কয়েকটি দেশে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ক্ষেত্রে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ দাবি করেছেন। পশ্চিম এশিয়া সংবাদ সংস্থা (ওয়ানা) সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়েছে।
মোহেব্বির ভাষ্য অনুযায়ী, ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। কয়েকটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং অন্য কিছু ঘাঁটি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানোর সক্ষমতা হারিয়েছে।
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র বিকল্প অবস্থান খুঁজছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে দেশটি। বিশেষ করে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন ঘাঁটি স্থাপনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক আর্থিক ক্ষতির কথা উঠে এসেছে। এসব হামলায় সামরিক অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে হামলার প্রকৃত প্রভাব নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে রয়েছে স্পষ্ট বিরোধ। ইরানের দাবি, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং কিছু স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে। ফলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে।
আফ্রিকায় মার্কিন সামরিক উপস্থিতি সম্প্রসারণের এই দাবি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। হর্ন অব আফ্রিকার অবস্থান লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্যপ্রাচ্য-আফ্রিকা সংযোগের জন্য অত্যন্ত কৌশলগত। আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় অঞ্চলটিতে প্রভাব বিস্তারে বিভিন্ন শক্তির আগ্রহ রয়েছে।
তবে কেনিয়া কিংবা হর্ন অব আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই আপাতত আফ্রিকায় ঘাঁটি স্থাপনের বিষয়টি আইআরজিসির মুখপাত্রের দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
Comments