পদ্মা সেতু এলাকার পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশল অবলম্বন করে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর প্রবেশমুখের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। তিনি বলেন, বেশ কিছু মানুষ পদ্মা সেতু এলাকায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে তাদের নিজেদের মধ্যে বিরোধ কিংবা সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে এ ধরনের মোতায়েন ও নিরাপত্তা তৎপরতা বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রমেরই অংশ।
পদ্মা সেতু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, এ মুহূর্তে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
Comments