প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা দোসররা অপপ্রচার চালাচ্ছে: রিজভী
প্রশাসন ও গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ে বিগত ফ্যাসিবাদী সরকারের অনুসারীরা এখনো সক্রিয় রয়েছে। তারা বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিতে অটল থেকে কাজ করছে। তবে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের ভেতরেও একটি পক্ষ রয়েছে, যারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিএনপির দুঃসময়ে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে রিজভী বলেন, বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়ন এবং দলের নেতাকর্মীদের আত্মগোপনে থাকার সময় যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য ও অবস্থান তুলে ধরেছেন, তাদের অবদান দল মনে রাখবে। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পে শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সাম্প্রতিক আলোচনার সমালোচনা করে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের রপ্তানি অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে-এমন দাবির পক্ষে কী তথ্য রয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকার দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রচার চালানো সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার তৎপরতা বন্ধ করেনি। হত্যাকাণ্ড ও রক্তপাতের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
এ সময় কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন তিনি। এর মধ্যে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।
এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, ধারাবাহিক হত্যাকাণ্ড ও রক্তপাতের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা চলছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে বলে জানান তিনি।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।
তিনি বলেন, দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রিজভী স্পষ্ট করে বলেন, এটি বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। তাঁর ভাষায়, ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
যৌথসভা ও পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Comments