ইয়েমেনে ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কা, ঝুঁকিতে কোটি মানুষ
আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে খাদ্য সংকট ও ক্ষুধার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো। এসব দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটির তালিকায় রয়েছে দীর্ঘদিন ধরে সংঘাতে বিপর্যস্ত ইয়েমেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাগুলোর এই সতর্কবার্তার কথা তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, ইয়েমেনে খাদ্য সংকটের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। এগুলো হলো দীর্ঘস্থায়ী সংঘাত, আঞ্চলিক যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা তহবিলে বড় ধরনের কাটছাঁট।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর অবরুদ্ধ থাকায় সেখানকার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সংঘাত শুরুর পর থেকে তিন লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুতদের অধিকাংশই তাইজ, লাহিজ ও এডেন প্রদেশের বাসিন্দা।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের খাদ্য সংকটে রয়েছেন। আগের হিসাব অনুযায়ী এই সংখ্যা ছিল ১৬ লাখ। অর্থাৎ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
অন্যদিকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সংঘাত ও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়ছে ত্রাণ সংস্থাগুলো। এ কারণে এসব অঞ্চলের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
তবে গত ফেব্রুয়ারি পর্যন্ত করা দেশব্যাপী এক পূর্বাভাসে দেখা যায়, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংখ্যার হিসাবে এই জনগোষ্ঠীর পরিমাণ প্রায় এক কোটি ৮৩ লাখ। তাদের অনেকেই তীব্র খাদ্য সংকট কিংবা আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন।
এ ছাড়া জাতিসংঘের ৭৩ জন কর্মী এখনো হুতি বিদ্রোহীদের হাতে আটক রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের আটজন কর্মকর্তাও রয়েছেন।
দীর্ঘদিনের সংঘাত, অর্থনৈতিক বিপর্যয় ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
Comments