সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আবারও সুশৃঙ্খল অবস্থানে ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি হাসপাতালে যান।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ববোধের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নিয়োগের সময় দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ নেন তারা। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা যথেষ্ট সংযম দেখিয়েছেন। শ্রমিকদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ না করায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি সাধারণ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অধিকাংশ শ্রমিক সন্তুষ্ট ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন। তবে কিছু ব্যক্তি শ্রমিক পরিচয় ব্যবহার করে এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দু-একটি ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল ও সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হলেও এসব তৎপরতা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং অন্যজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ছিলেন।
চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন- দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, ইন্সপেক্টর মো. আবু আলম এবং মো. রাকিবুল ইসলাম।
Comments