কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, গেজেট জারি
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। তিনি জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান। গত ১৫ নভেম্বর স্পিকার তা গ্রহণ করেন।
স্পিকার আরও বলেন, "পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের পদত্যাগপত্র গ্রহণের তারিখ থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য বলে গণ্য হয়।" এর পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর থেকেই কিশোরগঞ্জ-৩ (নির্বাচনী এলাকা-১৬৪) আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়েছে। সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী সংসদকে এই বিষয়টি জানানো হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে 'ধানের শীষ' প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের আমলে সফলতার সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
Comments