পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সংসদ সচিবালয়ের সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি এবং ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি।
সংক্ষিপ্ত রাজনৈতিক ও শিক্ষাজীবন
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও দেশের সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে 'ধানের শীষ' প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ অর্জন করেন তিনি। এরপর ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পুনরায় স্নাতকোত্তর এবং ১৯৭০ সালে আমেরিকার খ্যাতনামা কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
Comments