সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা সর্বোচ্চ নজরদারিতে রাখা হচ্ছে: তথ্য উপদেষ্টা
চাকরিতে কর্মরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা সরকার কঠোর নজরদারিতে রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, 'প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ওপর সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।' তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, 'দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে স্বাভাবিকভাবেই বহু মানুষ বিভিন্নভাবে তাদের সঙ্গে যুক্ত ছিলেন—এটি অস্বীকার করার উপায় নেই। বর্তমান প্রজাতন্ত্রের কর্মচারীরাও কাজ করে যাচ্ছেন। তবে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা অত্যন্ত ভয়াবহ বিষয়। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাথায় রাখছে।' উদ্ভূত পরিস্থিতি সরকার দ্রুত ও দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবে বলেও আশ্বস্ত করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নিষিদ্ধ ঘোষিত এই দলের নামে যেকোনো ধরনের কর্মসূচি পালন করাও সম্পূর্ণ বেআইনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। ইতিমধ্যে সেখানে যৌথবাহিনী কাজ শুরু করেছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
পুলিশের বলপ্রয়োগ ও অতীতের সমালোচনা
সংবাদ সম্মেলনে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় বলপ্রয়োগ করতেই পারে, এটি তাদের আইনি অধিকার। তবে পুলিশকে সতর্ক করা হয়েছে, যেন বলপ্রয়োগের মাত্রা কোনোভাবেই পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় না হয়। অতীতের বিভিন্ন সময়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে জনমনে যে সমালোচনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই ধরনের অনভিপ্রেত পরিস্থিতির কোনো পুনরাবৃত্তি দেখতে চায় না।
Comments