গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয়সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন করা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের শরীরে বডি-ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের পরিস্থিতির সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন বিজিবি সদস্যরা।
বিজিবি সদর দপ্তর জানায়, দায়িত্ব পালনের সময় সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
বিজিবি আরও জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সব সময় প্রস্তুত। সরকারের দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।
Comments