টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়েন অসংখ্য যাত্রী ও পরিবহনের চালকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়েই তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যু হয়েছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে।
এই গুজবের পাশাপাশি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।
তবে এ সময় শ্রমিকদের একাংশ উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা সকালে হাজিরা দেওয়ার পর মহাসড়কে নেমে অবরোধ করেন। প্রথমে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকদের একাংশ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Comments