শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীর সদস্যরা।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
Comments