আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়েই তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
ওই শ্রমিকের মৃত্যুর গুজবের পাশাপাশি বেতন বাড়ানোর দাবিতে একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। মহাসড়কের দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের মধ্যে একটি গুজব ছড়িয়ে আন্দোলন শুরু হয়েছে। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
Comments