জলবায়ু সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ (COP31) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তিনদিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়ে তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিয়ে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি তিনি ও তাঁর সহধর্মিণী তুরস্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত বিভিন্ন নৈশভোজ ও মধ্যাহ্নভোজে যোগ দেন।
অন্যদিকে, ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরেন এবং কারিগরি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান: রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ: বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং: জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থানে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং জলবায়ু অভিযোজন নিয়ে আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ: সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে আলোচনা হয়। উজবেক প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নতুন বছরে দেশটিতে সফরের আশা প্রকাশ করেন।
এছাড়াও তিনি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, মলদোভা, পাকিস্তান ও কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দ এবং ওআইসি মহাসচিব ও লন্ডনের মেয়রের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করেন।
বৈঠকগুলোতে বিদেশি নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সার্বিকভাবে এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।
Comments