বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং কপ-৩১-এর প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খননসহ সরকারের পরিবেশ সুরক্ষামূলক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দেন। এ সময় কৃষি খাতের উন্নয়নের বিষয়টিও আলোচনায় স্থান পায়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে দুই দেশের সরকারপ্রধান একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ ব্যক্ত করেন।
Comments