মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই সীমার বেশি অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা জানান।
তিনি আরও স্পষ্ট করে জানান, দেশটিতে পৌঁছানোর পর কোনো কর্মী যদি কাজ না পান, তবে তার দায়ভার সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার স্বনামধন্য 'ডিএইচএল সাপ্লাই চেইন' কোম্পানিতে প্রাথমিকভাবে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
Comments