বিগত সরকারের তিন নির্বাচনই ছিল প্রহসন, সেই সময়ে ফিরতে চায় না জনগণ: স্পিকার
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনই প্রহসনের ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও দুই থেকে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে গণতন্ত্রের পরিবেশ সুদৃঢ় হবে।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে এতটা সুষ্ঠু নির্বাচন আর কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যদের হারও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।
এ সময় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচন কমিশনের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।
Comments