দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতি বর্তমানে সম্পূর্ণ সঠিক পথেই রয়েছে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এক ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থনৈতিক পরিস্থিতির মূলায়ন করে অর্থমন্ত্রী বলেন, সরকার যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত দায়িত্বশীল ও সচেষ্ট রয়েছে। জনগণের কষ্টার্জিত অর্থের যেন কোনো অপচয় না হয়, তা নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যয় করা হচ্ছে। সব মিলিয়ে দেশের সামগ্রিক অর্থনীতি এখন 'রাইট ট্র্যাকে' রয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ চুক্তির বিষয়ে মন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ চুক্তির সব প্রক্রিয়া ও কাজ আগামী বছরের জানুয়ারির মধ্যে সফলভাবে সম্পন্ন হবে। এছাড়া চলমান সংসদ অধিবেশনেই এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করার বহুল প্রতীক্ষিত বিলটি উত্থাপিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
চলতি অর্থবছরের প্রথম চার মাস পেরিয়ে গেলেও সার্বিক রাজস্ব আহরণ এখনো আশানুরূপ নয়—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, কাস্টমস ও ভ্যাটে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও ভ্যাট আদায়ের বর্তমান নিম্নমুখী প্রবণতা দ্রুতই কেটে যাবে এবং আগামীতে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
Comments