রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ ১০টি পণ্য আমদানিতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনার আওতায় ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে বা বিলম্বিত মূল্যে (ইউসেন্স) এসব পণ্য আমদানির সুযোগ পাবেন। এর ফলে আমদানিকারকরা তাৎক্ষণিকভাবে পুরো অর্থ পরিশোধ না করে পণ্য হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি অফিসিয়াল সার্কুলার জারি করা হয়েছে।
যে ১০টি পণ্য আমদানিতে মিলবে এই সুবিধা: ১. চাল ২. গম (আটা) ৩. পেঁয়াজ ৪. ডাল ৫. ভোজ্যতেল ৬. চিনি ৭. ছোলা ৮. মটর ৯. মসলা ১০. খেজুর
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, আসন্ন রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা সাপ্লায়ার্স ক্রেডিট (সরবরাহকারীর ঋণ) কিংবা বায়ার্স ক্রেডিটের (ক্রেতার ঋণ) মাধ্যমে এই নিয়মে পণ্য আমদানি করতে পারবেন।
এর আগে গত ১৩ আগস্ট প্রকাশিত এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রমজান সামনে রেখে সেই সুযোগ আরও সম্প্রসারণ করা হলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থা সংক্রান্ত আগের সার্কুলারের অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন এই নির্দেশনা দ্রুত অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাজারবিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সময়োপযোগী পদক্ষেপে রমজানে পণ্যের সরবরাহ বাড়ার পাশাপাশি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
Comments