প্রথম অধিবেশনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের
ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই রাজনৈতিক অঙ্গনে বড় চমক দেখিয়েছে বিরোধী জোট। ক্ষমতায় যাওয়ার সম্ভাবনায় থাকা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে।
ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নেসেটের প্রথম দিনেই এসব বিষয়ে একাধিক বিল জমা দিয়েছে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের প্রথম অধিবেশনে এসব বিল উত্থাপন করা হয়।
আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া একাধিক বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সংকোচন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার আইন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার বিধানে আগের সরকারের আনা সংশোধনী বাতিল করতে চায় ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটস পার্টি।
জোটের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাত থেকে সরানোর উদ্যোগ, শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমোদন, অতি-রক্ষণশীল হারেদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ এবং মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা। পাশাপাশি এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের বিষয়টিও প্রস্তাবে রাখা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার যুক্তি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন কমিশন সরকারের বিরুদ্ধে পক্ষপাত দেখাতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার আগে ও সময়কার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই তদন্ত কমিশন গঠনে আপত্তি জানাচ্ছেন তিনি। ক্ষমতায় গেলে এ কমিশন গঠনকে নির্বাচনি অঙ্গীকার হিসেবে দেখছে বিরোধী জোট।
বিলগুলোর একটি বড় অংশই বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে নেতানিয়াহু প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাহারের উদ্দেশ্যে আনা হয়েছে। এসব সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে অতীতে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
সমালোচকদের মতে, বিচার বিভাগে সরকারের প্রভাব বাড়ানোর এসব উদ্যোগ দেশটির গণতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য দুর্বল করতে পারে। তবে সংস্কারের পক্ষের ব্যক্তিদের দাবি, বিচার বিভাগের অতিরিক্ত ক্ষমতা ও অপব্যবহার রোধে এসব পরিবর্তন জরুরি।
বিতর্কিত আইনগুলোর মধ্যে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর বিধানটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত উপেক্ষা করতে পারবেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল নিয়োগ ও অপসারণে সরকারের কর্তৃত্ব বাড়বে।
অন্যদিকে, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত আইন নিয়েও বিতর্ক রয়েছে। ২০২৪ সালে ইসরাইলের সুপ্রিম কোর্ট আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, আইনটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে সুবিধা পেতে পারেন।
নতুন পার্লামেন্টে বিরোধী জোটের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নেতানিয়াহু সরকারের আমলে নেওয়া বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
Comments