তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন রেখে ঐক্যবদ্ধ করা গেলে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে শত্রু-মিত্র চিহ্নিত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঘিরে ষড়যন্ত্র অতীতের মতো বর্তমানেও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একই অপশক্তি বিভিন্ন সময়ে জোটের আড়ালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীর মর্যাদা ও সম্মানে আঘাত করা হয়েছে। পরবর্তী সময়ে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তির পরাজয় ঘটে।
তরুণ প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাস সম্পর্কে সচেতন থেকে তরুণ সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতার প্রশ্নে তরুণরা বারবার নিজেদের দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর।
Comments