মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর সময় সেটি তাঁদের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক তথ্য বলছে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেল রাখা বাক্স নামানোর কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় হঠাৎ ভারী বাক্সটি তাঁদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ। কী কারণে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Comments