রাজধানীতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ
অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গারহস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কটির দু'পাশ বন্ধ করে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। পরবর্তীতে রাতে পুলিশ এসে অবরুদ্ধ অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এতে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ছাড়াও আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়ের নামে হয়রানির কারণে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
Comments