আজ থেকে রাত ৮টায় বন্ধ হচ্ছে শপিং মল ও দোকানপাট
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমায় যে শিথিলতা দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্তই সব শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখতে হবে।
এর ফলে পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।
চলতি বছর দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে সরকার বিভিন্ন সময়ে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আবারও আগের স্বাভাবিক সময়সূচি কার্যকর হলো।
চলতি বছর বৈশ্বিক জ্বালানিসংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। চলতি বছরের এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির মুখে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।
এরপর কোরবানির ঈদকে সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতির ভিত্তিতে জুনে সময়সীমা কমিয়ে রাত ৯টা নির্ধারণ করা হয় এবং সবশেষ গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে তা আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টায় নামিয়ে আনা হয়। তখন থেকেই বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা বলবৎ রয়েছে।
Comments