ইউরোপের তিন দেশ থেকে দেশে ফিরলেন আরও ৩৫ বাংলাদেশি
ইউরোপের তিন দেশের অনিয়মিত অভিবাসী হিসেবে অবস্থানরত আরও ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন বাংলাদেশি রয়েছেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর সূত্র ও ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে জরুরি সহায়তা, প্রাথমিক কাউন্সেলিং এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য যাতায়াত খরচ দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত 'প্রত্যাশা-২' প্রকল্পের আওতায় তাদের এই সহায়তা দেওয়া হয়। পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদি কাউন্সেলিং ও প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে নতুন করে জীবন শুরু করার জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। দেশে ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার পর অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা সমাজে পুনর্বাসিত হতে পারেন।
তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়া রোধ করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও এখন বাংলাদেশ থেকে বৈধ ও নিয়মতান্ত্রিক পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি সই করে। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। যাঁদের একটি উল্লেখযোগ্য অংশ সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরত এসেছেন।
Comments