সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
হেলিকপ্টারে সুন্দরবনের বিভিন্ন এলাকা ও আকাশপথে হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পর বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) মোংলা জেটিতে পৌঁছান।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে। এরপর নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় তিনি মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সমস্ত দিনের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
Comments