প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভাঙার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ
প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সময় অতিরিক্তি শারীরিক অঙ্গভঙ্গি ও আলিঙ্গনের চেষ্টার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বদলির আদেশ জারির দিন গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতেই তিনি রাজশাহী ছেড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যুগ্মসচিব রেজাউল আলম সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত জনসভা শেষে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে একই বিমানে প্রধানমন্ত্রী ঢাকা অভিমুখে রাজশাহী ত্যাগ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলাতে গিয়ে প্রটোকল ভেঙে অতিরিক্ত মাত্রায় ঝুঁকে পড়েন এবং তাকে আলিঙ্গনের মতো করার চেষ্টা করেন—যা উপস্থিত সবার নজরে আসে। এই ঘটনার পরপরই তার বদলির আদেশ জারি হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে আসা যুগ্মসচিব রেজাউল আলম সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments