কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ট্যুরিজম বোর্ডকে জরুরী নির্দেশনা দিল পর্যটনমন্ত্রী
কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত 'টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়' অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই ঘটনায় প্রাণহানির খবরের পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রীর নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দিতে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সভায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করার পাশাপাশি সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পর্যটনমন্ত্রী। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
এ ঘটনায় শোক প্রকাশ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
Comments