রাজনীতিবিদদের কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার
রাজনীতিবিদদের লেখা স্বাধীনতার ইতিহাসে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে 'সিনিয়র টাইগার্স'-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক অর্জন নয়। বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশের মানুষ যুদ্ধে অংশ নিয়েছিলেন।
মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতাযুদ্ধে এই রেজিমেন্টের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন।
অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments