শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশসহ সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখার পাশাপাশি কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও নজরে আসে তাঁর। শিশুদের চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
Comments