তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ: চুয়েটের নতুন ভিসি অবরুদ্ধ
নিয়োগের ২১ দিন পর মূল ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সকালে নতুন উপাচার্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ফটকে তালা ঝুলিয়ে দেন এবং 'তালা তালা হবে, ভিসি ভবন তালা হবে' স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চালিয়ে আসছেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দীর্ঘদিন ধরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে মারাত্মক সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।
Comments