রিয়াদের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় মোট ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। নিহতদের তালিকায় দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
হামলায় আহত ৩০৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হামলায় নিহতদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।
Comments