চার দিনের সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত মাসেই এই সফরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সফরটি চার দিনের হতে পারে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, টোকিও অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আরও জানান, এবারের সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
Comments