পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
দেশের সব জেলা ও সিটি করপোরেশনে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'বিশ্ব বসতি দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর ও নগরগুলোতে মানুষের বসতি দিন দিন বেড়েই চলেছে। রাজধানী ঢাকা অতিরিক্ত জনবহুল হওয়ার পাশাপাশি অন্যান্য শহরের অবস্থাও প্রায় একই রকম। শহরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি মানুষের বসবাস থাকায় নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলা এখন সময়ের দাবি।
সবার জন্য বাসযোগ্য, পরিবেশসম্মত ও নিরাপদ বাসস্থান নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এই অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
পরিকল্পিত নগরায়ণের অংশ হিসেবে প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এ ছাড়া পরিকল্পিত উন্নয়নের গতিশীলতা আনতে ইতিমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সরকারের এসব পদক্ষেপের ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১১ নম্বর অভীষ্ট লক্ষ্য অর্জন আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
Comments