১০১ জন গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা, আজ তুলে দেবেন প্রধানমন্ত্রী
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে সারা দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার।
এর আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। এবার সেই সংখ্যা বাড়ল প্রায় ৯ গুণ। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের দুই লাখ করে টাকা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
আজ দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করবেন। যাঁরা পাবেন গুণী শিক্ষক সম্মাননা : সরকার এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশজুড়ে মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রাথমিক থেকে ১০ জন (সাধারণ-আটজন ও মাদরাসা-দুজন); মাধ্যমিক থেকে ২০ জন (সাধারণ-১০ জন, কারিগরি-পাঁচজন ও মাদরাসা-পাঁচজন); কলেজ থেকে ২৫ জন (সাধারণ-১৫ জন, কারিগরি-পাঁচজন ও মাদরাসা-পাঁচজন); সাধারণ বিশ্ববিদ্যালয় ২০ জন (সরকারি-১৮ জন ও বেসরকারি-দুজন); চিকিৎসা থেকে ১০ জন (মহাবিদ্যালয়-পাঁচজন, বিশ্ববিদ্যালয়-পাঁচজন); কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনজন; প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তিনজন; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে চারজন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ছয়জন।
তবে এই তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তালিকা থেকে তাঁর নাম বাদ যাবে বলে জানা গেছে।
Comments