রাড্ডা ক্লিনিক হামলা ও লুটপাট: ৯ জন গ্রেপ্তার, দুই ট্রাক মালামাল উদ্ধার
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি এনজিও পরিচালিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অভিযানে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২টার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি সন্ত্রাসী দল ক্লিনিকটিতে হানা দেয়। তারা প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক লুটপাট চালায়। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ঐতিহাসিক এই স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ ৫০ বছর ধরে (১৯৭৬ সাল থেকে) এই কেন্দ্রটি মিরপুর এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার গত ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। হামলায় ক্লিনিকটির দেড় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এদিকে চাঞ্চল্যকর এই হামলার সময় পুলিশের উপস্থিতি এবং সামগ্রিক ভূমিকা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তিন সদস্যের উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments