বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় হওয়া মামলায় নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিযুক্ত কিশোর আজানের (১৭) পক্ষের আইনজীবী মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আপসনামা অনুযায়ী, নিহত মেহেদী হাসান মিমের দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য ১ লাখ টাকা এবং তাঁর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিবারটিকে মোট ৯ লাখ টাকা দেওয়া হয়েছে।
আপসনামায় বলা হয়েছে, নিহতের পরিবার সম্পূর্ণ টাকা বুঝে নিয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী মামলাটি নিষ্পত্তি বা প্রত্যাহারে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করবে।
অভিযুক্ত কিশোর আজান এবং গাড়িচালক আকাশ মারকের জামিনের বিষয়ে আদালতে কোনো আপত্তি না জানিয়ে আইনি সহযোগিতার কথা বলা হয়েছে। তবে পুরো বিষয়টি আদালতের এখতিয়ার ও প্রচলিত আইনের মাধ্যমেই সম্পন্ন করার কথা উল্লেখ রয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসানকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার দিন স্থানীয় লোকজন চালকের আসনে থাকা কিশোর আজানকে আটক করে পুলিশে সোপর্দ করলেও সেদিন রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রথমে নিহতের বড় ভাই মোক্তাদীর ইসলামের করা মামলায় গাড়িচালক আকাশ মারকড়কে (৪৪) প্রধান আসামি করা হলেও সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) কিশোর আজানকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments