ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি পুরোপুরি প্রাথমিক: ইসি সচিব
সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে প্রস্তাবিত সময়সূচি গণমাধ্যমে এসেছে, তা সম্পূর্ণ "প্রাথমিক" বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই অবস্থান স্পষ্ট করেন।
এর আগে সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমেই কেবল তারা প্রস্তাবিত নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে পেরেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চিঠি বা আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি বলে জানান তিনি।
প্রতিমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, 'তিনি যা বলেছেন তাকে সম্মান জানাতে হবে। তবে এই বিষয়ে পাল্টা মন্তব্য করার সাহস আমার নেই।' সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনা একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। ১৭ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রণালয় ও অংশীজনদের মতামত পাওয়ার পর কমিশন বিস্তারিত জানাবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা করেছে কমিশন। সেই আলোচনার ভিত্তিতে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠান এবং অতিরিক্ত দুটি ধাপ রিজার্ভ রেখে একটি সম্ভাব্য সময়সূচি তৈরি করা হয়েছিল, যা পরে গণমাধ্যমে প্রকাশ পায়।
ইসি সচিব পুনর্ব্যক্ত করেন যে, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিশ্চিত হলেও কবে, কোন পদ্ধতিতে এবং কোন কোন স্তরে ভোট হবে—তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।
Comments